মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর: চলতি মাসের শেষদিকে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রস্তাবিত বরাক উপত্যকা সফরকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সফর সফল ও নির্বিঘ্ন করতে সোমবার অসম সচিবালয়, বরাক ভ্যালিতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে বৈঠকে সফরের প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচি, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়ন এবং চলমান পরিকাঠামো প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম সচিব পঙ্কজ কুমার ডেকা ও যুগ্ম সচিব খালেদা আহমেদ, শিলচরের অতিরিক্ত জেলাশাসক ডেভিড বোরা। এছাড়া NHIDCL, PWD, Roads & Buildings-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন।

বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ প্রকল্প অসম সচিবালয়, বরাক ভ্যালির নির্মাণকাজের বর্তমান অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এর পাশাপাশি জাতীয় ও রাজ্য সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাযোগপথের বর্তমান পরিস্থিতি, রক্ষণাবেক্ষণ, মেরামত এবং চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে তথ্য নেওয়া হয়। দীর্ঘদিনের সড়ক ও যোগাযোগ সমস্যা দ্রুত সমাধান এবং ভবিষ্যৎ পরিকাঠামো উন্নয়নে আন্তঃদপ্তর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর সফরের আগে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। সফরকালে বরাকের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।



