পাথারকান্দিতে ‘সেবা সংকল্প অভিযান’, খোঁজ নিলেন কৃষ্ণেন্দু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে যোগ্য কোনও মানুষ যাতে বঞ্চিত না থাকেন, সেই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার শ্রীভূমি জেলার ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের পাথারকান্দি উন্নয়ন খণ্ডে অনুষ্ঠিত হল বিশেষ ‘সেবা সংকল্প অভিযান’ শিবির। অভিযানে স্বাস্থ্য পরীক্ষা, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি এখনও পরিষেবার বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়।

শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় দিব্যাঙ্গজন, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের যোগ্য হয়েও সুবিধা না-পাওয়া মানুষদের চিহ্নিত করার কাজে। দিব্যাঙ্গজনদের UDID (Unique Disability ID) কার্ডের জন্য সহায়তা, অরুণোদয়সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যোগ্যদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

শিবির পরিদর্শন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি বিভিন্ন পরিষেবা কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে তাঁদের সমস্যার বিষয়ে খোঁজ নেন।

মন্ত্রী জানান, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই তথ্যের অভাব, প্রয়োজনীয় নথিপত্রের সমস্যা কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগের ঘাটতির কারণে সুবিধা থেকে বঞ্চিত হন। তাঁদের চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে যুক্ত করাই ‘সেবা সংকল্প অভিযান’-এর অন্যতম লক্ষ্য।

শিবিরে বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সেরিব্রাল পালসি, কুষ্ঠরোগ ও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মতো দীর্ঘস্থায়ী ও বিশেষ স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত পরিবারগুলির প্রয়োজন চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা, দিব্যাঙ্গজনদের সহায়তা এবং অন্যান্য সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রকৃত যোগ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করতেই এই ধরনের শিবির আয়োজন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *