একুশে জুলাই ভাষা শহিদ দিবসে নেতাজি সংঘের শ্রদ্ধাঞ্জলি

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ জুলাই :
বরাক উপত্যকার ভাষা আন্দোলনের ইতিহাসে একুশে জুলাইয়ের ভাষা শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া-কালাছড়া নেতাজি সংঘ। মঙ্গলবার সকালে সংঘের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে ১৯৮৬ সালের ভাষা আন্দোলনে শহিদ জগন ও যীশুর অস্থায়ী প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি প্রমেশ দাস, সাধারণ সম্পাদক অমিত দেব, উপদেষ্টা সদস্য অমিতাভ দে-সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। বক্তারা বলেন, ১৯৮৬ সালের ভাষা আন্দোলন ছিল মাতৃভাষার মর্যাদা, সাংস্কৃতিক পরিচয় এবং বরাক উপত্যকায় উচ্চশিক্ষার প্রসারের দাবিতে এক ঐতিহাসিক সংগ্রাম। ভাষা সার্কুলারের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত মানুষের ওপর দমন-পীড়নের মধ্যেই জগন ও যীশু আত্মবলিদান দেন। তাঁদের আত্মত্যাগ আজও বরাকবাসীর প্রেরণার উৎস।

বক্তারা আরও বলেন, চলতি বছরে ১৯৮৬ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের ৪০ বছর পূর্ণ হয়েছে। নতুন প্রজন্মের কাছে এই সংগ্রামের ইতিহাস পৌঁছে দেওয়া এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি। মাতৃভাষা একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও আত্মপরিচয়ের ভিত্তি উল্লেখ করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা, প্রসার এবং ভাষাপ্রেম জাগিয়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষে ভাষা শহিদ জগন, যীশুসহ মাতৃভাষার জন্য আত্মবলিদানকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরব প্রার্থনা করা হয়। পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন নেতাজি সংঘের কর্মকর্তারা.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *