মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া মণ্ডলের বাজারিছড়া জিপির ছাগলমোহা এলাকার বিজেপি বুথ সভাপতি বিকাশ কুমার ধর হত্যাকাণ্ডকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই এই হত্যাকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে বলে তাঁর কাছে খবর রয়েছে।
মন্ত্রী বলেন, পাথারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বহিরাগতদের একাংশ সরকারি জমি ও বনভূমি অবৈধভাবে দখল করে বসবাস করছে। তাঁর অভিযোগ, ১৯৮৩ সাল থেকে এই প্রবণতা চলে আসছে। অবৈধভাবে বসবাসকারীদের একাংশ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তিনি।
কৃষ্ণেন্দু পাল জানান, সরকারি জমি ও বনভূমি দখল করে বসবাসকারীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় যাচাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সরকারি সম্পত্তি রক্ষা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে স্পষ্ট করেন মন্ত্রী।
উল্লেখ্য, নিখোঁজ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর বিকাশ কুমার ধরের মরদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের তদন্তে শ্রীভূমি জেলা পুলিশ ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি হত্যার প্রকৃত কারণ ও নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।



