পুর নিগমে জনসুবিধা কেন্দ্র ও কিউআর-ভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থার উদ্বোধন
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমে নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করা হলো। বুধবার শিলচর পুর নিগম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জনসাধারণ সুবিধা কেন্দ্র (PFC), পুর সুবিধা কেন্দ্র, GPS-ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং QR কোড-ভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থা চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়, জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা, রাজ্যসভার দুই সদস্য কণাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, শিলচর পুর নিগমের কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, নতুন প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে শিলচর শহরের নাগরিক পরিষেবা আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর হবে। শহরের ৪২টি ওয়ার্ডের বাসিন্দারা জনসুবিধা কেন্দ্র, পুর সুবিধা কেন্দ্র এবং QR-ভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে উপকৃত হবেন।
তিনি আরও জানান, শিলচর শহরের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হবে। শহরের বিভিন্ন রাস্তার কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, দুর্গাপূজার আগেই শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বুধবার মেহেরপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (Faecal Sludge Treatment Plant)-এরও উদ্বোধন করা হবে।
আগামী দিনে শিলচর শহরের নাগরিকদের সুবিধার্থে আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী কৌশিক রায়।



