বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকালে হাসপাতালের চেম্বারের ভিতরে নিজের জীবন শেষ করলেন এক চিকিৎসক। মৃত চিকিৎসকের নাম ডাঃ প্রয়াস সিংঘল বলে জানা গিয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভঙাগড় থানার পুলিশ।
জানা গিয়েছে, ডায়েরিয়া হয়েছে বলে নার্সের কাছ থেকে স্যালাইন ও ক্যানুলা নিয়েছিলেন চিকিৎসক প্রয়াস সিংঘল। এরপর জরুরি বিভাগের কক্ষে স্যালাইন চলাকালীনই তিনি নিজের জীবন শেষ করেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
প্রায় ছয় মাস আগে নেমকেয়ার হাসপাতালে যোগ দিয়েছিলেন ডাঃ প্রয়াস সিংঘল। তবে এখনও পর্যন্ত তাঁকে নির্দিষ্ট কোনও বিভাগের দায়িত্ব দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



