লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিকে ভারতীয় সেনার প্রশিক্ষণ অ্যাকাডেমির সমকক্ষ করে গড়ে তোলা হবে : হিমন্ত

Spread the news

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে বুধবার অনুষ্ঠিত হলো অসম পুলিশের দীক্ষান্ত সমারোহ। অনুষ্ঠানে ৩২ জন উপ-পুলিশ অধীক্ষক এবং ৩৭১ জন পুলিশ কনস্টেবলসহ মোট ৪০৩ জন কর্মকর্তা ও জওয়ান অংশগ্রহণ করেন।

দীক্ষান্ত সমারোহে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। তিনি জানান, লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিকে ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ অ্যাকাডেমিগুলোর সমকক্ষ করে গড়ে তোলা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন রাজ্যও লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য অসম সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

দীক্ষান্ত সমারোহে অংশ নেওয়া উপ-পুলিশ অধীক্ষকরা সফলভাবে ৫২ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে দুই সপ্তাহ এবং মেঘালয়ের নর্থ ইস্ট পুলিশ অ্যাকাডেমি (NEPA)-তে দুই মাসের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, পুলিশ কনস্টেবলরা হাউলির দ্বিতীয় অসম পুলিশ ব্যাটালিয়ন এবং ২৮ অসম পুলিশ ব্যাটালিয়নে ২০ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ চলাকালীন আধুনিক ডিজিটাল যোগাযোগ সরঞ্জাম, সাইবার নিরাপত্তা এবং পুলিশ কমিউনিকেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী অতুল বরা ও অজন্তা নেওগ, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, বিধায়ক বিশ্বজিৎ ফুকন এবং অসম পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এদিকে, ২ ও ৩ সেপ্টেম্বর লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে জ্যেষ্ঠ পুলিশ সুপারদের ষষ্ঠ সম্মেলন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। জানা গেছে, সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে মাদকদ্রব্যের অবৈধ বাণিজ্য রোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *