বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : হাড্ডাহাড্ডি লড়াইয়ে পানিসাগর মোকাম এফসিকে ১-০ গোলে হারিয়ে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল এসএসএমএম এফসি কর্কট। টুর্নামেন্টের শেষ দল হিসেবে শেষ আটে পৌঁছাল কর্কট এফসি। মঙ্গলবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে মাতৃভূমি এনজিও পরিচালিত ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই জমজমাট লড়াইয়ে নামে দুই দল। দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনার মধ্যেই প্রথমার্ধের খেলায় দু’পক্ষই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও সমানে সমানে লড়াই চলে। ম্যাচের ৫৪ মিনিটে কর্কট এফসির স্ট্রাইকার ইমানুয়েলের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ইমানুয়েলের ওই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এবং ১-০ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় কর্কট এফসি।
ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন অঞ্জু। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নিয়তি বর্মণ, বাবলি বর্মণ, দীপালী বর্মণ ও শিখা লস্কর।
এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, কমরুজ্জামান লস্কর ও নুংশিতম্বী সিংহ। বুধবার থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব। ‘এ’ গ্রুপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জামালপুর এফসি ও আয়ান এফসি লোকনাথপুর।



