বরাক তরঙ্গ, ১৩ মে : সীমান্তবর্তী শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারালো পাঁচ বছরের এক শিশু। কচুয়া নদীর জলে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, কালীগঞ্জের সেকি কানিশাইল গ্রামের দিনমজুর পার্থ পালের একমাত্র কন্যা পারমিতা পাল মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ পাড়ার আরও দুই শিশুর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। খেলার এক ফাঁকে সবার অলক্ষ্যে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কচুয়া নদীর জলে পড়ে যায় সে। সন্ধ্যা ঘনিয়ে এলেও মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে সন্দেহবশত নদীতে তল্লাশি চালালে জলের নিচ থেকে উদ্ধার করা হয় পারমিতার নিথর দেহ। দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএইচসি-তে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক রূপাঞ্জন দাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল আলম। এদিকে, দিনমজুর পরিবারের একমাত্র সন্তানকে হারানোর ঘটনায় গোটা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বিশিষ্টজনেরা অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
একমাত্র কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। সেকি কানিশাইল গ্রামের পরিবেশ এখন স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে।



