২৭ জুন: ২০২৬ বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কথা মাথায় রেখে কয়েকজন মুসলিম ফুটবলারকে অ্যালকোহল ব্র্যান্ডের লোগোবিহীন বিশেষ সংস্করণের ম্যাচসেরার ট্রফি দেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছেন মরক্কোর ইসমায়েল সাইবারি, মিশরের ইমাম আশুর, জর্ডানের আলি অলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দে।
স্কটল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম গোল করে ম্যাচসেরা হন ইসমায়েল সাইবারি। তবে তাঁর হাতে তুলে দেওয়া ট্রফিতে স্পনসর অ্যালকোহল ব্র্যান্ড ‘মিশেলোব আল্ট্রা’-র লোগো ছিল না। পরিবর্তে ট্রফিতে ব্যবহার করা হয় নিরপেক্ষ “Superior Player of the Match” ডিজাইন এবং ফিফা বিশ্বকাপের ব্র্যান্ডিং।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, নির্বাচিত খেলোয়াড়রা চাইলে স্পনসরবিহীন ম্যাচসেরার ট্রফি এবং ব্যাকড্রপ ব্যবহার করতে পারেন। একই নিয়ম সেই সব খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, যাঁরা অ্যালকোহল গ্রহণের বৈধ বয়সসীমার নিচে রয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুসলিম খেলোয়াড়দের ক্ষেত্রে অ্যালকোহল-সম্পর্কিত স্পনসর সামগ্রীর পরিবর্তে নিরপেক্ষ বা নন-অ্যালকোহলিক বিকল্প ব্যবহার করা হচ্ছে।
তবে এই উদ্যোগ একেবারে নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি অ্যালকোহল স্পনসরযুক্ত ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সেই ঘটনা আন্তর্জাতিক ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।




