কাটিগড়ার ছোট্ট ক্লাবের সাফল্যে উচ্ছ্বাস, সহযোগিতার অভাবে আক্ষেপ
শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : ঐতিহ্যবাহী ও জনপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফির কাছাড় জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কালাইন স্পোর্টস ক্লাব। শিলচর ডিএসএ-র অধীনে আয়োজিত আট দলীয় এই টুর্নামেন্টে দুই গ্রুপের লড়াইয়ে গ্রুপ লিগে দ্বিতীয় স্থান অধিকার করে সেমিফাইনালে পৌঁছায় কালাইন স্পোর্টস ক্লাব। এরপর বৃহস্পতিবার সেমিফাইনালে লেনরোল এফ সি লক্ষীপুর-কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।

কালাইন স্পোর্টস ক্লাবের এই সাফল্য নিঃসন্দেহে এলাকার ক্রীড়াপ্রেমীদের কাছে গর্বের বিষয়। কালাইন ও কাটিগড়া অঞ্চলের ছেলে-মেয়েদের নিয়ে গড়ে ওঠা এই ছোট্ট ক্লাবটি সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও নিজেদের যোগ্যতা প্রমাণ করে এতদূর এগিয়ে এসেছে।

তবে এই সাফল্যের নেপথ্যে যেমন রয়েছে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও ক্লাব কর্তৃপক্ষের প্রচেষ্টা, তেমনই রয়েছে আর্থিক ও অন্যান্য সহযোগিতার অভাব। অত্যন্ত দুঃখের বিষয়, কালাইন ও কাটিগড়া অঞ্চলের জনগণের কাছ থেকে ক্লাবটি তেমন কোনও সহযোগিতা পায়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

অথচ সোনাই কিংবা ধলাই অঞ্চলের কোনও দল এমন সাফল্য অর্জন করলে স্থানীয় জনগণ আরও বেশি উৎসাহ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন বলে মনে করেন তাঁরা।
কালাইন স্পোর্টস ক্লাবের এই সাফল্য প্রমাণ করে, যথাযথ উৎসাহ ও সহযোগিতা পেলে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রাও বড় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। এখন সকলের নজর ফাইনালের দিকে।



