কিঞ্চিতের উদ্যোগে হাইলাকান্দিতে বর্ণাঢ্য বিজয়া সম্মেলন

Spread the news

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : কিঞ্চিতের হাইলাকান্দি শাখার উদ্যোগে এবং বরিষ্ঠ নাগরিক সংস্থার সহযোগিতায় গত রবিবার সংস্থার মৈত্রী ভবনে এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিঞ্চিতের হাইলাকান্দি শাখার সাংস্কৃতিক সম্পাদিকা পুরবী মিশ্র। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সম্মেলনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন শাখা সভাপতি শতানন্দ ভট্টাচার্য। উদ্বোধনী সংগীত হিসেবে তিনি পরিবেশন করেন জনপ্রিয় শ্যামাসংগীত ‘শ্যামা মা কি আমার কালো’।

এরপর বক্তব্য রাখেন বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি নারায়ণ দেবনাথ, ‘সাঁকো’ পত্রিকার সম্পাদক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ড্রিমস’-এর কর্ণধার গৌতম গুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক আশুতোষ দাস, মাধবী শর্মা, সুরজিৎ দেব, শঙ্করী চক্রবর্তী, অনামিকা শর্মা, সঞ্জীব দেব, শুভ্রা চৌধুরী, নারায়ণ চন্দ্র দাস, শঙ্কর চৌধুরী, কবিতা দাস, গুণেশ্বর নাথ, অনিন্দিতা পাল ও রঞ্জিত ঘোষসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। তনভিকা ভট্টাচার্য একক নৃত্য পরিবেশন করে। একক সংগীত পরিবেশন করেন তাপসী পাল ও পিয়ালী ভট্টাচার্য। তাঁদের তবলায় সহযোগিতা করেন প্রাঞ্জল ভট্টাচার্য।

এছাড়া নৃত্য পরিবেশন করেন সুদীপা পাল, পায়েল পাল ও শর্মিষ্ঠা দাস। নৃত্যাঞ্জলী ডান্স অ্যাকাডেমি এবং হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের শিল্পীরা নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। লক্ষ্মী ডান্স অ্যাকাডেমির শিল্পীদের পরিবেশিত ধুনুচি নৃত্য দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

শিশুশিল্পী মনোরজ দাস ও শ্রুতি চৌধুরী একক সংগীত পরিবেশন করে। অন্যদিকে, কবিতা দাস ও অনামিকা শর্মাসহ কয়েকজন কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে বিজয়া সম্মেলনটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *