বরাক তরঙ্গ, ৩১ জুলাই : উজান অসমে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বরাক ভ্যালির জলহা সমাজ। বৃহস্পতিবার রাতে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই অর্থ সংগ্রহ করা হয়েছে। বন্যাদুর্গত মানুষের দুর্দশা লাঘবে সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সমাজের প্রতিনিধিরা বলেন, দুর্যোগের সময়ে সামান্য সহযোগিতাও ক্ষতিগ্রস্ত মানুষের জীবন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই দায়িত্ববোধ থেকেই এই অনুদান প্রদান করা হয়েছে। এদিন প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।
অনুষ্ঠানে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. মিলন দাস এবং রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন। এ জন্য বরাক ভ্যালির জলহা সমাজ দুই বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে কুতুব উদ্দিন আনসারী, আব্বাস উদ্দিন, রহিম শেখ, আনোয়ার হোসেন এবং হাকিম উদ্দিনসহ সমাজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



