বরাক তরঙ্গ, ৬ জুলাই : শিলচর-হাফলং মহাসড়কের জাফিরবন্দ এলাকার রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত এবং ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যবস্থার কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী সংস্থা এনএসআই-র সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অনুমতি ও বরাদ্দ না থাকায় সংস্কারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে রাস্তার বড় গর্তগুলো মেরামত এবং স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



