বরাক তরঙ্গ, ৬ জুলাই : সভাপতি সজল কান্তি দাসের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় শিলচরে অনুষ্ঠিত হলো কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাসিক সভা। সভায় সংগঠনের কার্যক্রমকে সমগ্র আসামে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে প্রতিটি জেলায় দ্রুত শাখা বা ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, রাজ্যজুড়ে সংগঠনের ইউনিট গঠনের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি ইউনিট গঠনের নীতিমালা প্রণয়ন, স্থানীয় প্রতিনিধিদের নির্বাচন এবং প্রয়োজনীয় সাংগঠনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্ব পালন করবে।
এছাড়াও সভায় সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি এবং বেকারত্ব নিরসনে লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। চলতি মাস থেকেই রাজ্যজুড়ে এসব কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে সজল কান্তি দাস বলেন, “আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের জীবনমানের উন্নয়ন। জেলা পর্যায়ে ইউনিট গড়ে উঠলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান করা সম্ভব হবে।” তিনি আরও জানান, নবগঠিত কমিটি দ্রুত কাজ সম্পন্ন করে ফলপ্রসূ পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হবে।
সভায় উপস্থিত সদস্যরা স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা ও প্রচারাভিযান পরিচালনার প্রস্তাব দেন। ভবিষ্যতে বিভিন্ন এলাকার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, তহবিল সংগ্রহ এবং জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনাকেও অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়।



