এনকাউন্টারে খতম সাধু খুনের প্রধান অভিযুক্ত ইজরায়েল

Spread the news

১৫ জুন : পুলিশের এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজ়রায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিল ইজ়রায়েল। রবিবার মাঝরাতে বাঙ্গামারু থানা এলাকায় তাজপুর আন্ডারপাসে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) সঙ্গে এনকাউন্টারে ওই দুষ্কৃতীর মৃত্যু হয়। তার মাথার দাম ছিল এক লক্ষ টাকা।

পুলিশ জানায়, গত ৯ জুন, মঙ্গলবার বাঙ্গামারু থানা এলাকার রামনগর গ্রামে নির্মীয়মাণ একটি মন্দির থেকে মিলন সিং রঘুবংশী ওরফে বাবা মিলন দাসের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। খুনের প্রতিবাদে ওই এলাকায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসতে থাকেন এলাকার লোকজন। তাঁরা নির্মীয়মাণ মন্দিরের সামনে জড়ো হয়ে হরদৈ-উন্নাও রাস্তা অবরোধ করে প্রবল বিক্ষোভ দেখান। পুলিশের বড় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ তদন্তে নেমে জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় সাধু মিলন দাসকে।

খুনের ঘটনায় এলাকার সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে লাল্লি, ইয়ামিন, শানু সফি এবং ইজ়রায়েল নামে চার দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পুলিশের সিনিয়র সুপার জেপি সিং খুনের কিনারা করতে একাধিক তদন্তকারী দল তৈরি করেছিলেন। পুলিশ জানায়, রবিবার রাতে তাজপুর আন্ডারপাসে ইজ়রায়েল ও অন্য তিন অভিযুক্ত লুকিয়ে রয়েছে জানতে পেরে SOG-র কর্মীরা এলাকা ঘিরে ফেলেন। ইজ়রায়েল গুলিতে নিহত হন। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয়েছেন এক কনস্টেবল। বাকি তিন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *