
১৭ নভেম্বর : মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের উত্তেজনা। বাহরিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পরপর ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। তবে মার্কিন সেনাবাহিনীর দাবি, ইরানের পাঠানো সব ড্রোনই আকাশপথে ধ্বংস করা হয়েছে। ফলে মার্কিন ঘাঁটিতে কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরিনের দিকে একাধিক ড্রোন পাঠায়। তেহরানের দাবি, বাহরিনের শেখ ঈসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস করাই ছিল এই হামলার লক্ষ্য। যদিও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোনগুলি লক্ষ্যবস্তুতে পৌঁছনোর আগেই ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে, বাহরিন সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনও ড্রোনকেই ভূখণ্ডে আছড়ে পড়তে দেয়নি। সম্ভাব্য হামলার আশঙ্কায় আগেই বাসিন্দাদের সতর্ক করেছিল প্রশাসন। কয়েক দিন আগেও সীমান্ত এলাকায় ইরানি ড্রোনের উপস্থিতি নজরে এসেছিল বলে জানা গেছে। এর মধ্যে রাজধানী মানামা ও সংলগ্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এদিকে, এই উত্তেজনার মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে ওয়াশিংটনে সম্ভাব্য ‘ডার্টি বম্ব’ হামলার ষড়যন্ত্র সংক্রান্ত একটি রিপোর্ট। বিভিন্ন সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক দপ্তরকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে তেহরান। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, ‘ডার্টি বম্ব’ বা তেজস্ক্রিয় বোমা এমন এক ধরনের বিস্ফোরক, যার মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকে। সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় উপাদান ব্যবহারের ফলে বিস্ফোরণের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। ফলে ওয়াশিংটনকে ঘিরে এমন হামলার আশঙ্কার খবর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।




