মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : গোলের একাধিক সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখা হলো না মণিপুরের আসুফি ফুটবল অ্যাকাডেমির। গোলমুখে ফিনিশিংয়ের দুর্বলতার খেসারত দিয়ে কেসি পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো দলটিকে। অন্যদিকে, প্রথমার্ধের ৪২ মিনিটে দিনেশের করা একমাত্র গোলের সুবাদে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিল কলকাতার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে ডিএসএ স্টেডিয়ামে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। গ্যালারিভর্তি ফুটবলপ্রেমীদের করতালি, উচ্ছ্বাস ও প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু জয়ধ্বনিতে গোটা স্টেডিয়াম উৎসবের চেহারা নেয়।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। গতিময় খেলার মাধ্যমে মোহামেডানের রক্ষণভাগে বারবার চাপ সৃষ্টি করে আসুফি ফুটবল অ্যাকাডেমির তরুণ ফুটবলাররা। তবে অভিজ্ঞতার পরিচয় দিয়ে প্রতিপক্ষের আক্রমণ সামাল দেয় সাদা-কালো শিবির। পাল্টা আক্রমণেও গোলের সুযোগ তৈরি করতে থাকে কলকাতার দলটি।

প্রথমার্ধের ৪২ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। মোহামেডানের হয়ে দিনেশের করা গোলে এগিয়ে যায় কলকাতার দল। তাঁর এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ে মণিপুরের আসুফি। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি তারা। কখনও ফিনিশিংয়ের অভাব, আবার কখনও মোহামেডানের সুসংগঠিত রক্ষণভাগ তাদের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, ব্যবধান ধরে রাখতে সতর্ক ফুটবল খেলে মোহামেডান। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়েও সমতা ফেরাতে ব্যর্থ হয় আসুফি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এদিকে, প্রতিযোগিতার প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার। এতে মুখোমুখি হবে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ও ডিমা হাসাওয়ের ইউনাইটেড ব্রাদার্স ফুটবল দল।



