হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের একাধিক শর্ত

Spread the news

২৩ সেপ্টেম্বর : হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ বন্ধ, মার্কিন সামরিক ও নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করার দাবি জানিয়েছে তেহরান। শর্ত পূরণ হলে এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর প্রস্তুতির কথাও জানিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরানের শর্তগুলো তুলে ধরা হয়।

ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বন্ধের পাশাপাশি হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ দ্রুত অবমুক্ত করার দাবি জানিয়েছে তেহরান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে পারে তেহরান। গত ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

এদিকে, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়লেও এখনও কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই পক্ষের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং সামনে আরও আলোচনা হবে। তবে সামরিক উত্তেজনা ও পারস্পরিক চাপ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি নিয়ে সমাধান এখনো অনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *