চিরাং-কোকরাঝাড়ে ইন্টারনেট বন্ধ, রুণীখাটার সংঘর্ষ ঘিরে উত্তেজনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : চিরাং ও কোকরাঝাড় জেলায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। চিরাং জেলার রুণীখাটায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী-পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে ফরেস্ট অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকেই ভারত-ভূটান সীমান্ত সংলগ্ন এই এলাকায় পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংরক্ষিত বনভূমির জমি দখলের অভিযোগে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিশেষ করে স্থানীয় মহিলারা রেঞ্জ অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

বনকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে বেশ কয়েকজন বনকর্মী ও পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে।

এদিকে, এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনাও চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সংরক্ষিত বনভূমি দখলের অভিযোগে ২৫ জন স্থানীয় বাসিন্দাকে আটক করার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বনকর্মীরা নারী আন্দোলনকারীদের উপর শারীরিক নিগ্রহ চালিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *