ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ (এপিসিসি) ক্রিকেটে শুক্রবার ব্লাডমাউথ ক্লাবকে চেপে ধরল ইন্ডিয়া ক্লাব। এদিন প্রতিযোগিতার দক্ষিণ অসম জোনের ফাইনালে প্রথম দিনই জয়ের রাস্তা তৈরি করে ফেলেছে ইন্ডিয়া ক্লাব। জিতলে প্রাইজমানি হিসেবে দুই লক্ষ টাকা পাবে তারা। যে দল হারবে তারা পাবে এক লক্ষ টাকা। ডিফু ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে ব্লাডমাউথ ফিল্ডিং নিয়েই ডুবল। শুভম মণ্ডল এবং আরশাদ ফারহান ছাড়া ইন্ডিয়া ক্লাবের দশজন ব্যাটারের মধ্যে আটজনই দুই অঙ্কের রান করেছেন।
দিনের শেষে ১১০ রানের জুটি করে খেলছেন শমীক দাস (৮৫) ও যোগেশ্বর ভূমিজ (৩২)। ইন্ডিয়া ক্লাবের সংগ্রহ ৮২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৩ রান। দলের পক্ষে এছাড়াও পারভেজ মুশারফ ৮৮, ঋতুরাজ বিশ্বাস ৩৩, অমিত কুমার যাদব ৩০ রান করেন। ব্লাডমাউথের বরুণজ্যোতি মালাকার চারটি এবং সৌম্যকান্তি পাল দুই উইকেট নেন। ইন্ডিয়া ক্লাবের প্রথম ইনিংস কাল অবধি চলবে। ফলে, ব্লাডমাউথের পক্ষে ম্যাচ বাঁচানোর সুযোগ অনেকটা কমে গিয়েছে।



