বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : হাইলাকান্দি জেলার লালপানি শিববাড়ি সংলগ্ন জাতীয় সড়কে সিমেন্টবোঝাই ট্রাক ও একটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে।

মহাবীর ইন্টারন্যাশনাল কাটলিছড়া ইউনিটের সভাপতি বিপ্লব সূত্রধরের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, লালপানিতে জগদ্ধাত্রী পূজা দর্শন শেষে একটি ইলেকট্রিক অটো কাটলিছড়ার উদ্দেশ্যে রওনা হয়। অটোটি লালপানি শিববাড়ির সামনে পৌঁছাতেই উল্টো দিক থেকে আসা NL 01L 8057 নম্বরের একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে।

এদিকে, দুর্ঘটনায় জড়িত ইলেকট্রিক অটোটির রেজিস্ট্রেশন নম্বর এখনও জানা যায়নি। জানা গেছে, মাত্র দু-তিন দিন আগে অটোটি কেনা হয়েছিল। ফলে গাড়িটির পরিচয় ও মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। দুর্ঘটনার সময় অটোতে কতজন যাত্রী ছিলেন এবং তাঁদের পরিচয় কী, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত কাটলিছড়া পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা নিশ্চিত করা যায়নি। পুলিশি তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।



