দিল্লিতে আবার ভাঙল বাড়ি, মৃত অন্তত ২, ধ্বংসস্তূপে আটক একাধিক

Spread the news

৫ নভেম্বর : দীপাবলির উৎসবের আবহেই ভয়াবহ দুর্ঘটনা পুরোনো দিল্লিতে। বৃহস্পতিবার সকালে চাওড়ি বাজার এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মাণ তিন তলা বাড়ি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা বাড়ি। তার তলায় একাধিক মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা। প্রাথমিক ভাবে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। তবে ধ্বংসস্তূপের নীচে আর অন্তত ছয়জনের আটকে থাকার আশঙ্কা। সত্যনিকেতনের ঘটনার দুই মাস কাটতে না কাটতেই আবারও দিল্লিতে বহুতল ভেঙে দুর্ঘটনার পুনরাবৃত্তি। গত ২৫ অক্টোবরও দিল্লিতে বহুতল ধসে প্রাণ হারান দুই জন।

দিল্লির চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাড়িটি তৈরি করা হচ্ছিল। আচমকা সেটি ভেঙে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষজনও উদ্ধারকাজে সাহায্যের জন্য এগিয়ে আসেন।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি দমকল বিভাগের অন্তত ছ’টি ইউনিট। উদ্ধারকারী গাড়ি ও জলের ট্যাঙ্কারও পাঠানো হয়েছে। দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। যদিও প্রশাসন সূত্রে এ ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *