চিরুকান্দিতে মৃত যুবক শনাক্ত, পরকীয়ার জেরে খুন, আটক স্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : শিলচরের চিরুকান্দি এলাকায় খোলা মাঠ থেকে উদ্ধার হওয়া এক যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের পরিচয় মিলেছে বাপি দাস (৩০) নামে। তিনি শিশু মন্দির রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় বাপির স্ত্রী মনসা দাসকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, পরকীয়া সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে চিরুকান্দির একটি মাঠ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। জানা যায়, বাপি দাস বিভিন্ন সময়ে গাড়িচালক ও দিনমজুরের কাজ করতেন। কিছুদিন কর্মসূত্রে বেঙ্গালুরুতেও ছিলেন তিনি।

তদন্ত চলাকালীন বাপির দুই শিশুসন্তানের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয়, এই ঘটনায় মনসা দাসের ভূমিকা থাকতে পারে। এরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

এদিকে, এই ঘটনায় ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন সানলিট হাসপাতালের পাশের গলির বাসিন্দা জয়দেব দাসসহ আরও দুই ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। পরিবারের অভিযোগ, জয়দেবের সঙ্গে মনসার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। অভিযোগ রয়েছে, রবিবার রাতে জয়দেব ও তার সহযোগীরাই বাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঘটনার পর থেকেই জয়দেব পলাতক বলে জানা গেছে।

পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *