তিন দিনের প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, বৈঠকে IBA-ইউএফবিইউ-র সমঝোতা

Spread the news

২৭ সেপ্টেম্বর : ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট স্থগিত করা হয়েছে। রবিবার রাতে বৈঠকের পর ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ)-এর মধ্যে সমঝোতা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএফবিইউ-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অবশিষ্ট শনিবারগুলিকে ছুটির দিন ঘোষণা করার দাবিটি নিয়ে আলোচনা করতে অবিলম্বে আইবিএ ও ইউএফবিইউ-র প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

এই কমিটি সম্ভাব্য বিকল্পগুলি খতিয়ে দেখবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এমন একটি সমাধানের লক্ষ্যে কাজ করবে, যা গ্রাহক-সহ সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়।

পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালুর দাবিটি ছিল প্রস্তাবিত ধর্মঘটের অন্যতম প্রধান কারণ। ইউএফবিইউ দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে। বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন রয়েছে। এর আগে অর্থ মন্ত্রক জানিয়েছিল, পাঁচ দিনের ব্যাংকিং সপ্তাহ চালুর বিষয়ে সরকার কোনও প্রতিশ্রুতি দেয়নি।

এদিকে, স্কেল-৪ এবং তার ঊর্ধ্বতন পর্যায়ের আধিকারিকদের জন্য পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দুই পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনগুলির উত্থাপিত আপত্তিগুলি বিবেচনা করে আইবিএ সরকারের কাছে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দেওয়ার মাধ্যমে এ বিষয়ে আলোচনা শুরু করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *