শিলকুড়ি নেশামুক্তি কেন্দ্রে মানবিক রাখি বন্ধন উৎসব

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : পরিবারের আপনজনদের থেকে দূরে থেকে নেশামুক্তির চিকিৎসা ও পুনর্বাসনের পথে এগিয়ে চলা আবাসিকদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিল নেতাজি ছাত্র যুব সংস্থা ও লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার। দুই সংগঠনের যৌথ উদ্যোগে শিলকুড়ির নেতাজি ছাত্র যুব সংস্থা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে আবাসিকদের সঙ্গে নিয়ে আবেগঘন পরিবেশে পালিত হলো রাখি বন্ধন উৎসব।

অনুষ্ঠানে আবাসিকদের হাতে রাখি পরিয়ে দেন উপস্থিত সদস্যরা। রাখির পবিত্র বন্ধনের মধ্য দিয়ে তাঁদের সঙ্গে গড়ে ওঠে আন্তরিকতা ও আত্মিক সম্পর্ক। পরে আবাসিকদের মধ্যে মিষ্টি বিতরণ করে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি ছাত্র যুব সংস্থার সহ-সভানেত্রী সন্ধ্যা চক্রবর্তী, রুমন দেব, শিক্ষিকা তপতি নাথ, লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সম্পাদক তথা নেতাজি ছাত্র যুব সংস্থার প্রজেক্ট পরিচালক লায়ন কৃষাণু ভট্টাচার্য এবং নেতাজি ছাত্র যুব সংস্থার কার্যনির্বাহী পরিচালক তথা লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের পিআরও লায়ন দিলু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক ও কর্মীরা।

আয়োজকদের বক্তব্য, রাখি বন্ধন শুধুমাত্র ভাই-বোনের সম্পর্কের উৎসব নয়; এটি ভালোবাসা, বিশ্বাস, মমতা ও মানবিক বন্ধনেরও প্রতীক। সেই ভাবনাকে সামনে রেখেই পরিবারের কাছ থেকে দূরে থাকা আবাসিকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন অনেক আবাসিক দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন ও প্রিয়জনদের থেকে দূরে রয়েছেন। ফলে উৎসবের দিনগুলিতে তাঁদের মধ্যে একাকিত্বের অনুভূতি তৈরি হয়। সেই দূরত্ব কিছুটা কমিয়ে তাঁদের মনে পরিবারের ভালোবাসা ও আপনজনের অনুভূতি জাগিয়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

অনুষ্ঠানে আবাসিকদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। তাঁরা যেন নেশার অন্ধকারকে পিছনে ফেলে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এবং পরিবারের সঙ্গে আনন্দে জীবন কাটাতে পারেন—এই বার্তাই উঠে আসে অনুষ্ঠানে।

রাখির সুতোয় সেদিন শুধু হাত বাঁধা হয়নি, ভালোবাসা, সহমর্মিতা এবং নতুন জীবনের আশার এক মানবিক বন্ধনও দৃঢ় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *