বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিক্ষা, সংস্কৃতি ও মানবতা রক্ষার দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হলো হাইলাকান্দিতে আয়োজিত এক ছাত্রসভায়। এআইডিএসও-র হাইলাকান্দি জেলা ইউনিটের উদ্যোগে কলেজ রোডে অনুষ্ঠিত এই সভায় বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য ও সহ-সভাপতি পল্লব পেগু।
বক্তারা বলেন, মানব সভ্যতার বিকাশে শিক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষা শুধুমাত্র জীবিকা অর্জনের মাধ্যম নয়, বরং মানবিকতা, যুক্তিবোধ, বিজ্ঞানমনস্কতা ও সামাজিক চেতনা গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। কিন্তু শিক্ষাকে বাণিজ্যিকীকরণ এবং সংকীর্ণ স্বার্থের অধীন করার প্রবণতা শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে।
সভা থেকে ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়। পাশাপাশি জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতির সুস্থ পরিবেশ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এর জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে ছাত্রসমাজকে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের উপর যে কোনো আক্রমণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার এবং জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।



