বরাক তরঙ্গ, ১৩ মে : বুধবার প্রকাশিত হওয়া সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে হাইলাকান্দির বাসিন্দা তথা লালা রুরাল কলেজের বর্তমান অধ্যক্ষ হিমব্রত চক্রবর্তীর কন্যা হৃদ্যেশা চক্রবর্তী। মোট পাঁচটি বিষয়েই লেটার সহ মোট ৯৮ শতাংশ নম্বর পেয়ে শিলচর ডনবস্ক স্কুল থেকে উত্তীর্ণ হয়।
হৃদ্যেশা মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯০ নম্বর পেতে সক্ষম হয়। যা এক রেকর্ড। তার প্রাপ্ত নম্বরের মধ্যে ইতিহাস বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর সহ রাষ্ট্রবিজ্ঞানে ৯৭, ইংরেজিতে ৯৮, ফিসিক্যাল এডুকেশনে ৯৬ এবং মাসমিডিয়াতে ৯৯ নম্বর পেতে সক্ষম হওয়ায় স্কুল কতৃপক্ষ সহ পরিবার বর্গ ও ভীষণ খুশি।
প্রসঙ্গত হাইলাকান্দি শহরের রায় সাহেব বাড়ির সদস্য প্রয়াত হরিসাধন চক্রবর্তীর নাতনি হৃদ্যেশা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ মনযোগী। তাই এই ফলাফলের পেছনে হৃদ্যেশার পরিশ্রম এবং স্কুল কতৃপক্ষের আন্তরিক পাঠদান কে ও যথেষ্ট গুরুত্ব দিলেন হৃদ্যেশার বাবা হাইলাকান্দির বিশিষ্ট শিক্ষাবিদ ড. হিমব্রত চক্রবর্তী। তাছাড়া ডনবস্ক স্কুলেরই প্রাক্তন শিক্ষিকা জয়শ্রী চক্রবর্তীও কন্যার সাফল্যে সন্তষ্ট। এর আগে শিলচর ডনবস্ক স্কুল থেকেই দশম শ্রেণিতে ও ৯৬ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছিল হৃদ্যেশা।
শুধু পড়াশোনায় নয় পাশাপাশি সঙ্গীত এবং নৃত্যেও বিশেষ পারদর্শী হৃদ্যেশা চক্রবর্তী। তার বাবা জানান সে ইতিমধ্যে রবীন্দ্র, নজরুল এবং শাস্ত্রীয় সঙ্গীতে ও বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে বিশারদ পাশ করেছে। পাশাপাশি রবীন্দ্র নৃত্যে ও বিশারদ করেছে এবং বর্তমানে প্রখ্যাত ওডিসি নৃত্য শিল্পী কলকাতার ডোনা গাঙ্গুলির সান্নিধ্যে ওডিসি নৃত্যের তালিম নিচ্ছে।
এদিকে, ভবিষ্যতে উচ্চ শিক্ষা এবং ইউপিএসসি পাশ করে ভারতীয় এডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মাধ্যমে দেশ সেবা করতে চায়। তার এই সাফল্যে পরিচিত মহল থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানানো হয়েছে।



