মুখ্যমন্ত্রীকে অভিনন্দন কৃষ্ণেন্দু-কৌশিকের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ মে : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক কৌশিক রায় সহ একাধিক বিশিষ্ট নেতা। রাজনৈতিক সৌহার্দ্য, উন্নয়নের অঙ্গীকার এবং ভবিষ্যৎ অসম গঠনের প্রত্যয়ে এদিনের পরিবেশ ছিল উৎসাহে ভরপুর।

রাজনৈতিক মহলের মতে, এই শুভেচ্ছা বিনিময় শুধুমাত্র আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, বরং অসমের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ঐক্যবদ্ধ সমর্থনের বহিঃপ্রকাশ। এদিন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ প্রশাসনিক মনোভাবের ফলেই অসম আজ দেশের অন্যতম দ্রুত অগ্রসরমান রাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল অবকাঠামো, শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান এবং যুব সমাজের ক্ষমতায়নের ক্ষেত্রে বর্তমান সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, “ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম আজ শুধু উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের কেন্দ্রবিন্দুই নয়, বরং সমগ্র দেশের কাছে একটি সফল প্রশাসনিক মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাঁর নেতৃত্বে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে।”

অন্যদিকে, বিধায়ক কৌশিক রায়ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, “অসম আজ উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করেছে। সরকারের প্রতিটি সিদ্ধান্তে সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”

এছাড়াও নেতৃবৃন্দ জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের সফল সমাপ্তি প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। আগামী দিনের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে সরকার আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *