শিক্ষক দিবসে ৭ শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা হৃদয় সামাজিক সংস্থার

Spread the news

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে শিলচরে সাতজন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা জানাল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। শিক্ষাক্ষেত্রে তাঁদের নিষ্ঠা, অবদান এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় ‘হৃদয় কৃতি শিক্ষক সম্মাননা ২০২৬’। এই বিশেষ দিনে শিলচরের সাতটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দেন সংস্থার কর্মকর্তারা।

সম্মাননা প্রাপকদের মধ্যে রয়েছেন প্রণবানন্দ হলিচাইল্ড হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ কল্পনা ভট্টাচার্য পুরকায়স্থ, অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালার শিক্ষিকা মধুচন্দা দেব, হাজি কেরামত উল্লা পাঠশালার শিক্ষক জয়প্রকাশ চক্রবর্তী, নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলের শিক্ষিকা শর্মিষ্ঠা কুর্মি, ড্যাফোডিলস হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা বর্ণালী ধর, হিরণপ্রভা দেব শিশু মন্দিরের শিক্ষিকা শুভ্রা চন্দ এবং বিবেকানন্দ জ্ঞানপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা স্বাগতা ভট্টাচার্য।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার বিশিষ্ট কবি ও সাংবাদিক অতীন দাশ এবং হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক ডাঃ অজিত কুমার ভট্টাচার্য। তাঁরা শিক্ষকতার গুরুত্ব, সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।
সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি উৎপল দেব রায়, সম্পাদক কৃষ্ণ কংস বনিক, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল এবং কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য। প্রতিটি স্কুলে গিয়ে তাঁদের সম্মাননা ও শ্রদ্ধা জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *