বরাক তরঙ্গ, ১৮ মে : আগামী ১৯ মে ভাষা শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ দিবস আয়োজক সমিতির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের পাশে অবস্থিত ভাষা শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। এরপর সকাল ১১টা ১৫ মিনিটে বাংলা বিভাগের সামনে অবস্থিত ভাষা শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া সকাল ১১টা ৩০ মিনিটে সংস্কৃত বিভাগের পাশে স্বপ্না দেবী স্মৃতি সদনে এক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় কলেজের অর্থনীতির বিশিষ্ট অধ্যাপক ড. জয়দীপ বিশ্বাস।
ভাষা শহিদ দিবস আয়োজক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।



