গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ডিয়ার বয়েজ ক্লাবের

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচরের মেহেরপুর কাঁঠাল পয়েন্টে ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রুনু রায়, আহাদ চৌধুরী, সালাম আহমেদ বড়ভূইয়া, বাপ্পন দেব, রানা লস্কর, সঙ্গীতশিল্পী বিধান লস্কর, ফারুক আহমদ চৌধুরী এবং বাপ্পন দাসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সূচনায় ১৯৯৩ সালে ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি প্রয়াত হায়দর হোসেন মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে প্রজাতন্ত্র দিবসে আয়োজিত সাইকেল দৌড়, লম্বা দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রুনু মজুমদার, সম্পাদক সজল লস্কর, কোষাধ্যক্ষ একরামুল লস্কর, সহ-সভাপতি লুকু লস্কর, সহ-সম্পাদক আজিজ চৌধুরী এবং প্রচার সম্পাদক রমিজ লস্করসহ অন্যান্য সদস্যরা।

ক্লাব সূত্রে জানা গেছে, প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ে বিতরণ করা সম্ভব হয়নি। তাই সংবর্ধনা অনুষ্ঠানের সঙ্গেই পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *