যুবশক্তি ক্লাবের উদ্যোগে ৫০ মিটার অস্থায়ী বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি এলাকাবাসীর

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ জুন :
বর্ষাকালে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হয়ে আসা মহাদেব লেন ও শিববাড়ি লেনের বাসিন্দাদের যাতায়াত সহজ করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে আশ্রম রোড সংলগ্ন যুবশক্তি ক্লাব। মঙ্গলবার ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি অস্থায়ী বাঁশের সেতু নির্মাণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা এলেই মহাদেব লেন ও শিববাড়ি লেন জলমগ্ন হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনা করে যুবশক্তি ক্লাবের সদস্যরা প্রয়োজনীয় বাঁশ ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে দ্রুততার সঙ্গে সেতুটি নির্মাণ করেন।

সেতু নির্মাণ কাজে নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি গোবিন্দ দাস ও সম্পাদক রিতেশ দাস। এছাড়াও কার্যকরী সদস্য জিত দাস, প্রসনজিৎ দাস, নিরুৎপল দাস, শিমুল দাস, অপূর্ব হালদার, রাজু দাস, যীশু দাস, সুজিত দাস, দেবু দাস এবং জয়ন্ত দাসসহ অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এলাকার এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে শিশু ও শিক্ষার্থীদের নোংরা ও দূষিত জল পেরিয়ে স্কুলে যেতে হতো। যুবকদের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং তা সত্যিই প্রশংসার দাবিদার।

এ প্রসঙ্গে যুবশক্তি ক্লাবের সভাপতি গোবিন্দ দাস বলেন, “এটি আপাতত জরুরি প্রয়োজনে নির্মিত একটি অস্থায়ী বাঁশের সেতু। মানুষের চলাচলের সুবিধার কথা মাথায় রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে আরও টেকসই ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে।”

যুবশক্তি ক্লাবের এই সামাজিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় সমস্যার সমাধানে যুবসমাজের ইতিবাচক ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *