বরাক তরঙ্গ, ২২ মে : কাছাড় জেলার উধারবন্দের মাঝাগ্রাম চা-বাগান এলাকার সন্তান তথা ডিব্রুগড় জেলা কমিশনার বিক্রম কৈরি দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসকদের তালিকায় স্থান অর্জন করে বরাক উপত্যকা মুখ উজ্জ্বল করেছেন। ২০১৪ ব্যাচের এই আইএএস আধিকারিককে ফেম ইন্ডিয়া ও এশিয়া পোস্টের জাতীয় সমীক্ষায় দক্ষ প্রশাসন, স্বচ্ছতা এবং জনমুখী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়েছে। তিনি সহ অসমের চার জেলা কমিশনার তালিকায় রয়েছেন।
চা-বাগান অঞ্চল থেকে উঠে এসে কঠোর পরিশ্রম ও অসাধারণ মেধার জোরে আইএএস পদে উত্তীর্ণ হওয়া বিক্রম কৈরি বরাক উপত্যকার চা-জনজাতি সম্প্রদায়ের প্রথম আইএএস অফিসার হিসেবে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন।

বর্তমানে ডিব্রুগড় জেলা কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত বিক্রম কোইরির প্রশাসনিক কাজকর্ম ব্যাপক প্রশংসা অর্জন করেছে। প্রশাসনিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে অসম সরকার তাঁকে মর্যাদাপূর্ণ ‘কর্মশ্রী অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করে। তাঁর এই সাফল্যে গর্বিত কাছাড় জেলা ও বরাক উপত্যকার মানুষ।
উল্লেখ্য, অসমের মোট চার জেলা কমিশনার সহ সারা দেশে ৮০০ জন এই তালিকায় স্থান পেয়েছেন। অসমের বাকি তিনজন হলেন মরিগাঁও জেলা কমিশনার অনামিকা তিওয়ারি, তিনসুকিয়ার সুমিত সাত্তাওয়ান ও কামরূপ (মেট্রো) এর স্বপ্নীল পাল।



