মানব অঙ্গ পাচার চক্রের চার দালাল গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মে : অসমে মানব অঙ্গ পাচার চক্রের বড়সড় পর্দাফাঁস হয়েছে। ডিব্রুগড় ও তিনসুকিয়া পুলিশের যৌথ অভিযানে চারজন কথিত অঙ্গ দালালকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সমগ্র রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অবৈধ অঙ্গ পাচার চক্রের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। ধৃতদের পরিচয় জাকির হোসেন (৫৩), শঙ্কর চেন্তনু (২৮), সমীর পাল (৩৭) এবং গোপাল রায় (৩১) বলে জানা গেছে। এদের মধ্যে সমীর পাল ও গোপাল রায় ডিব্রুগড়ের বাসিন্দা, অন্যদিকে জাকির হোসেন ও শঙ্কর চেন্তনু মার্ঘেরিটার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা মার্ঘেরিটার রাজীব দে (৩৫) নামের এক ব্যক্তিকে টাকা ও চাকরির প্রলোভন দেখিয়ে তাঁর বৃক্ক বিক্রিতে রাজি করানোর চেষ্টা করছিল। রাজীব দে-র পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পরই পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

তিনসুকিয়ার ডিএসপি ফৈজ আহমদের নেতৃত্বে এবং ডিব্রুগড় পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ডিব্রুগড় থেকে চার অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই মার্ঘেরিটা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই অঙ্গ পাচার চক্রের সঙ্গে কোনও বড় হাসপাতাল বা চিকিৎসক জড়িত রয়েছেন কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে অসমজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষদের টার্গেট করে অবৈধ অঙ্গ ব্যবসা চালানো এই ধরনের দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *