বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : সাহিত্য অকাদেমি এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের যৌথ উদ্যোগে শুক্রবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে মণিপুরি সাহিত্যে প্রবন্ধ রচনার ঐতিহ্য ও বিকাশ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘The Traditions of the Essay in Manipuri Literature’ শীর্ষক এই আলোচনা সভায় মণিপুরি সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য, প্রবন্ধ রচনার ধারাবাহিকতা এবং সময়ের সঙ্গে এই সাহিত্যধারার বিবর্তনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের বিভাগীয় প্রধান এইচ. রাজমণি সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য অকাদেমি, কলকাতার সহকারী সম্পাদক ক্ষেত্রবাসী নায়েক, সাহিত্য অকাদেমির মণিপুরি উপদেষ্টা পর্ষদের সদস্য কে. নয়নচাঁদ সিংহ, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. অভিজিৎ নাথ-সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য অকাদেমি, কলকাতার সহকারী সম্পাদক ক্ষেত্রবাসী নায়েক।

এরপর বক্তব্য রাখেন সাহিত্য অকাদেমির মণিপুরি উপদেষ্টা পর্ষদের সদস্য কে. নয়নচাঁদ সিংহ। সভায় সভাপতিত্ব করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব এবং আঞ্চলিক ভাষা-সাহিত্যের সংরক্ষণ ও বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
আলোচনা সভায় দুটি একাডেমিক অধিবেশনের আয়োজন করা হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন এন. বিদ্যাসাগর সিংহ। এই অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন এম. নিংহাইবা সিংহ, মেহদি হাসান চৌধুরী এবং এস. মেরিনা সিংহ। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন খ. হেমাবতী সিংহ। এই পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন এইচ. আশানন্দিতা দেবী, কে. ইন্দিরা দেবী এবং সুলেখা সিংহ।
দুই অধিবেশনেই মণিপুরি সাহিত্যে প্রবন্ধ রচনার ঐতিহাসিক পটভূমি, সাহিত্যিক গুরুত্ব এবং এর ক্রমবিকাশের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের সহযোগী অধ্যাপক অঞ্জু দেবী। এই আলোচনা সভা মণিপুরি ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।



