বরাক তরঙ্গ, ৯ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক। গত ২৪ ঘণ্টায় বন্যার জলে ডুবে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০-তে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ASDMA) সর্বশেষ তথ্য অনুযায়ী, গোলাঘাট ও কার্বি আংলং জেলায় জলে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে।
এদিকে, রাজ্যের সাতটি জেলার ১.৩৭ লক্ষেরও বেশি মানুষ এখনও বন্যার কবলে রয়েছেন। প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে চরাইদেউ, দরং, গোলাঘাট, যোরহাট, কার্বি আংলং, নগাঁও এবং শিবসাগর জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাঘাট জেলা। সেখানে প্রায় ৭০ হাজার মানুষ বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন। শিবসাগর জেলায় প্রায় ৪০ হাজার এবং যোরহাট জেলায় ১৬ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে শনিবারের তুলনায় সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবার আটটি জেলার প্রায় দেড় লক্ষ মানুষ বন্যার কবলে ছিলেন। বর্তমানে আক্রান্ত জেলার সংখ্যা কমে সাত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও কিছুটা হ্রাস পেয়েছে। তবুও রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।



