পীযূষ হাজরিকার বিরুদ্ধে ভুয়ো ও বিভ্রান্তিকর খবর প্রচারে পোর্টালের দুই সাংবাদিক গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : মন্ত্রী পীযূষ হাজরিকার বিরুদ্ধে ভুয়ো ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগে চিরাং জেলার কাজলগাঁওয়ে দুই পোর্টাল সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দু’জন হলেন কাজলগাঁও থানার অন্তর্গত সাতিপুরের বাসিন্দা আনজাদ আলি আহমদ এবং হাবিজুল রহমান ওরফে হাবিব খান।
অভিযোগ অনুযায়ী, ওই দুই পোর্টাল সাংবাদিক গতকাল ‘বড়োল্যান্ড টাইমস’ নামে একটি পোর্টাল চ্যানেলের মাধ্যমে অসমের ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজরিকার নাম জড়িয়ে একটি বিশেষ সংবাদ প্রচার করেন। ওই সংবাদ প্রকাশের পর তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

এদিকে, বিষয়টি নিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, ‘বড়োল্যান্ড টাইমস’ পোর্টাল চ্যানেল তাঁর বিরুদ্ধে ভুয়ো ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে। একইসঙ্গে পোর্টালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এরপর রবিবার সকাল থেকেই কাজলগাঁও থানার পুলিশ অভিযান শুরু করে। বিকেলের দিকে পুলিশ আনজাদ আলি আহমদ এবং হাবিজুল রহমান ওরফে হাবিব খানকে গ্রেফতার করে।

উল্লেখ্য, হাবিজুল রহমান ওরফে হাবিব খান গুয়াহাটির ‘প্ৰথম খবর’-এর কাজলগাঁওয়ের স্থানীয় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। গ্রেফতার হওয়া দুই সাংবাদিককে কাজলগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই পোর্টাল সাংবাদিককে পরবর্তী সময়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *