৯ মে : এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তার তিন কন্যা মীম (১৫), হাবিবা (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)। ঘটনার পর থেকেই শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বাড়ির ভিতরে পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
কাপাসিয়া থানার তদন্ত পরিদর্শক যুবাইর হোসেন জানান, প্রায় এক বছর আগে প্রাইভেটকার চালক ফোরকান মিয়া রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের অনুমান।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।



