বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : ঐতিহ্যবাহী শ্যামানন্দ আশ্রমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভক্তিমূলক পরিবেশে পালিত হল পরমপূজনীয় শ্যামানন্দ বাবার শিষ্য শিবানন্দ স্বামী (কর্তা বাবা)-র তিরোধান তিথি উৎসব। শনিবার ভোর থেকে দিনভর নানা সনাতনী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে অংশ নিতে আশ্রমে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।
উৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয় সম্পূর্ণ আশ্রম প্রাঙ্গণ। এদিন শ্যামানন্দ বাবা ও কর্তা বাবার বিগ্রহ দর্শন এবং আশীর্বাদ লাভের আশায় মন্দিরের সামনে ভিড় জমান শত শত ভক্ত। পাশাপাশি নাটমন্দিরে সারাদিনব্যাপী চলে কীর্তন ও ধর্মীয় পাঠ। দুপুর থেকে আশ্রম সংলগ্ন মাঠে অসংখ্য ভক্তের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ।

অনুষ্ঠানে উপস্থিত শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ শিবানন্দ স্বামীর জীবনাদর্শ ও সাধনজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, স্বামী শিবানন্দজী মহারাজ ছিলেন একজন বিদ্বান সন্ন্যাসী ও যোগী। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে তিনি গভীর যোগসাধনায় মগ্ন থাকতেন।
তিনি আরও বলেন, ত্যাগ ও সংযমের আদর্শে জীবন অতিবাহিত করে শ্যামানন্দ বাবার পর আশ্রম তথা সকলের কল্যাণের গুরুদায়িত্ব গ্রহণ করেছিলেন শিবানন্দ স্বামী। তাঁর জীবন ও সাধনাদর্শ আজও ভক্তদের কাছে গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার উৎস।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয় দিনব্যাপী এই তিরোধান তিথি উৎসব।



