বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : অসম সচিবালয়ে এবার থেকে কার্যকর হচ্ছে নতুন পোশাকবিধি। সরকারি দফতরে কর্মরত কর্মচারীদের পোশাকের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করেছে অসম সরকার। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মহিলা কর্মচারীরা সচিবালয়ে জিন্স, টি-শার্ট, টিউনিক, লেগিংস, ক্রকস, ফ্লিপ-ফ্লপ এবং পার্টি ড্রেস পরে আসতে পারবেন না। একইভাবে পুরুষ কর্মচারীদের ক্ষেত্রেও জিন্স ও টি-শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সচিবালয়ের কর্মপরিবেশে শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখার লক্ষ্যেই এই নতুন পোশাকবিধি চালু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, সচিবালয়ের সমস্ত কর্মচারীকে মার্জিত ও আনুষ্ঠানিক পোশাক পরে অফিসে আসতে হবে। এই নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।



