২৬ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। মহিলা কাবাডির ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতে নিল ভারতের সোনার মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ভারতীয় দলকে। প্রথমার্ধের শেষে ২২-১৬ পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবিটাই বদলে যায়।
দুরন্ত প্রত্যাবর্তন করে ইরান। একসময় ভারতের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র এক পয়েন্টে নিয়ে আসে তারা। ম্যাচ শেষ হতে তখন বাকি প্রায় আট মিনিট, স্কোর ছিল ২৭-২৬। শেষ মুহূর্তে জমে ওঠে রুদ্ধশ্বাস লড়াই। তবে চাপের মধ্যেও নিজেদের ছন্দ ফিরে পায় ভারত। শেষ পর্যন্ত ইরানকে আর ম্যাচে ফিরে আসার সুযোগ দেয়নি ভারতীয় দল। ৩৭-৩৪ ব্যবধানে জয় নিশ্চিত করে সোনার পদক নিজেদের দখলে রাখে তারা।



