লাতু-সজপুরে জল জীবন মিশনের ৮টি প্রকল্প অচল, মন্ত্রী সকাশে জিপি সভাপতি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ জুলাই :
কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘জল জীবন মিশন’-এর আওতায় প্রতিটি গ্রামীণ পরিবারের ঘরে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানীয়জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হলেও শ্রীভূমি জেলার মালেগড় উন্নয়ন খণ্ডের লাতু-সজপুর গ্রাম পঞ্চায়েতে সেই লক্ষ্য কার্যত অধরাই রয়ে গেছে। এলাকায় নির্মিত নয়টি পানীয়জল প্রকল্পের মধ্যে আটটিই দীর্ঘদিন ধরে অচল থাকায় হাজার হাজার মানুষ এখনও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।।সোমবার জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য অঞ্চল ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পর্যালোচনা বৈঠকের আগে লাতু-সজপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী স্নিগ্ধা দাস মন্ত্রীর হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। রবিবার জেলা বিজেপি কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এলাকার প্রকৃত পরিস্থিতি তুলে ধরেন।

স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, সজপুর, মাইজগ্রাম, লাতু, লাতু-দাসগ্রাম ও লাতুচক-সহ একাধিক গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাইপলাইনের জল পাচ্ছেন না। ফলে অধিকাংশ পরিবার বাধ্য হয়ে টিউবওয়েল, কূপ ও অন্যান্য অনিরাপদ জলস্রোতের ওপর নির্ভর করছেন। বর্ষার সময় দূষিত জল ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
সভানেত্রী অভিযোগ করেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পগুলির অধিকাংশই অকেজো হয়ে থাকায় সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
স্মারকপত্রে তিনি অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তকারী দল গঠন, অচল প্রকল্পগুলির সরেজমিন পরিদর্শন, জল সরবরাহ বন্ধ থাকার কারণ অনুসন্ধান, দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে দ্রুত প্রকল্পগুলি পুনরায় চালুর দাবি জানান।

স্নিগ্ধা দাস বলেন, জল জীবন মিশনের মূল উদ্দেশ্য ছিল প্রতিটি পরিবারের কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু আটটি প্রকল্প দীর্ঘদিন অচল থাকায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত সরকারি হস্তক্ষেপে প্রকল্পগুলি চালু হলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয়জলের সংকটের সমাধান হবে।

এদিকে, সোমবারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে লাতু-সজপুরের এই সমস্যা কতটা গুরুত্ব পায় এবং অচল প্রকল্পগুলি সচল করার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *