রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুলাই: শিলচর শহরের পার্শ্ববর্তী নতুন কাঞ্চনপুর এলাকায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় বিধবাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা।
রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগী রেখা রানী দেবের পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে এলাকার কয়েকজন ব্যক্তি তাদের গরুকে মারধর করছিল। বিষয়টি দেখে রেখারানি দেব বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তিনি নিজের বাড়িতে ফিরে যান।
পরিবারের অভিযোগ, কিছুক্ষণ পর খবর পেয়ে তাঁর ছেলে ও মেয়ে বাড়িতে এসে দেখেন, অভিযুক্তরা আরও কয়েকজনকে নিয়ে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেছে। তারা রাস্তার জন্য জমি ছেড়ে দেওয়ার হুমকি দেয় এবং রেখারানি দেবকে মারধর করে। এতে তিনি আহত হন।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে রেখারানি দেবের পরিবারের পক্ষ থেকে মনোরঞ্জন সরকার, রিনা সরকারসহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পরও পুলিশ এখনও পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টে অভিযুক্তরা কয়েকদিন ধরে গুন্ডাবাহিনী দিয়ে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সংবাদমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



