অন্নপূর্ণা সার্কিট ট্রেক জয় করে ইতিহাস গড়লেন হাইলাকান্দির রূপম

Spread the news

বরাক উপত্যকার প্রথম অভিযাত্রী হিসেবে গড়লেন নতুন নজির______

বরাক তরঙ্গ, ১২ জুন : নেপালের বিশ্ববিখ্যাত অন্নপূর্ণা সার্কিট ট্রেক সফলভাবে সম্পন্ন করে এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন হাইলাকান্দির যুবক হিমাদ্রি সিংহ (রূপম)। জানা গেছে, বরাক উপত্যকা থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি এই কঠিন ও চ্যালেঞ্জিং ট্রেক সম্পূর্ণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

পেশায় শিক্ষক এবং সঙ্গীতজগতের পরিচিত মুখ হিমাদ্রি বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানান, গত ২ জুন আগরতলার বাসিন্দা তাঁর বন্ধু অনির্বাণ দেবের সঙ্গে নেপালে পৌঁছান। পরদিন ৩ জুন তাঁরা অন্নপূর্ণা সার্কিট ট্রেকের অভিযান শুরু করেন। দীর্ঘ পাহাড়ি পথ, প্রতিকূল আবহাওয়া এবং উচ্চতাজনিত নানা প্রতিকূলতা অতিক্রম করে অবশেষে ৯ জুন তাঁরা সফলভাবে অভিযান সম্পন্ন করেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং কঠিন ট্রেকিং রুট হিসেবে পরিচিত অন্নপূর্ণা সার্কিট ট্রেক হিমালয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে বিস্তৃত। এই ট্রেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন অংশ হল প্রায় ৫,৪১৬ মিটার উচ্চতায় অবস্থিত থোরং লা পাস (Thorong La Pass) অতিক্রম করা। হিমাদ্রি সিংহ ও তাঁর সঙ্গী অনির্বাণ দেব সফলভাবে এই দুর্গম পথ পেরিয়ে অভিযানের লক্ষ্য অর্জন করেন।

নেপাল থেকে ফোনে হিমাদ্রি বলেন, “এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জে ভরা। তবে দৃঢ় মনোবল, সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত প্রস্তুতির মাধ্যমে আমরা সফলভাবে অভিযান শেষ করতে পেরেছি।” তিনি আরও জানান, আগামী রবিবার হাইলাকান্দিতে ফিরে এসে অভিযানের প্রস্তুতি, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং নানা স্মরণীয় মুহূর্ত নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

হিমাদ্রির এই ঐতিহাসিক সাফল্যে হাইলাকান্দি তথা সমগ্র বরাক উপত্যকাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। শিক্ষকতা, সঙ্গীতচর্চা এবং অভিযাত্রার প্রতি তাঁর গভীর অনুরাগ তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। শুভানুধ্যায়ীদের মতে, তাঁর এই অসাধারণ কৃতিত্ব ভবিষ্যতে বরাক উপত্যকার আরও বহু যুবক-যুবতীকে ট্রেকিং ও অ্যাডভেঞ্চারমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *