সবাই সমানভাবে আমার সহযোগিতা পাবেন : অমিয়কান্তি

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মে : “যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, সবাই সমানভাবে আমার সহযোগিতা পাবেন।” এমনই বার্তা দিলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাশ। মঙ্গলবার তিনি জনসংযোগ কর্মসূচিতে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বলেন, কে ভোট দিয়েছেন কে দেননি সেদৃষ্টিতে নয়, সবাই সহযোগিতা পাবেন। তাঁর একমাত্র লক্ষ্য এলাকার সর্বাঙ্গীণ উন্নয়ন। সরকারি সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নই হবে প্রধান অগ্রাধিকার।”

এই জয়ে ধলাই বিধানসভা এলাকাজুড়ে উৎসাহের সঞ্চার হয়েছে। নতুন নেতৃত্বকে ঘিরে মানুষের মধ্যে বাড়ছে প্রত্যাশা। এখন দেখার বিষয়, উন্নয়নের এই প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ পায়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের গণনায় ধলাই কেন্দ্রে রেকর্ড জয় পেল বিজেপি। দলের প্রার্থী অমিয়কান্তি দাশ কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে ৪৪,৪৬২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে বিপুল সমর্থন অর্জন করেছেন।

ফলাফল ঘোষণার পরই নবনির্বাচিত বিধায়ক ভুবন পাহাড়ের পাদদেশে গিয়ে ভুবন বাবার আশীর্বাদ নেন। এরপর গভীর রাত পর্যন্ত ধলাইয়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *