মেডিক্যাল রোড চার লেনে উন্নীতকরণে উচ্ছেদ অভিযান শুরু, সড়ক মেরামতের কাজও চলছে

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট :
শিলচরের মেহেরপুর মেডিক্যাল রোডকে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার প্রকল্পে গতি এসেছে। বুধবার (৫ আগস্ট) থেকে মেহেরপুরের বীরবল বাজার এলাকায় অধিগ্রহণকৃত জমিতে প্রশাসনের উচ্ছেদ ও ভাঙার অভিযান শুরু হয়েছে।

অভিযান শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের স্বার্থে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙার কাজ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সমগ্র অভিযানের তদারকি করেন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ। প্রশাসনের দাবি, চার লেন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ধাপে ধাপে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।

এদিকে, রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায়ের লিখিত নির্দেশ এবং কাছাড়ের জেলা আয়ুক্তের নির্দেশনায় মেহেরপুর মেডিকেল কলেজ সড়কের বড় বড় গর্ত মেরামতের কাজও শুরু করেছে শিলচর পূর্ত বিভাগের রোডস শাখা।
প্রশাসনের আশা, চার লেন প্রকল্প বাস্তবায়িত হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং শিলচর শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত, নিরাপদ ও গতিশীল হবে। একই সঙ্গে সড়ক প্রশস্তকরণ ও মেরামতের কাজ একসঙ্গে চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তির প্রত্যাশা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *