শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-র আওতাধীন এলপিজি গ্রাহকদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশ। সংস্থার পক্ষ থেকে আগামী ১৬ আগস্টের মধ্যে সকল গ্রাহককে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে ভবিষ্যতে ভর্তুকি প্রাপ্তিতে সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি গৃহস্থালি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যে পাওয়া নিয়েও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ পরিস্থিতিতে সংযোগ বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।
শনিবার বদরপুরের ইলোরা গ্যাস এজেন্সির বিজনেস পার্টনার লুৎফুর রহমান এক একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের মূল্য প্রায় ১,০৮৭ টাকা। তবে সময়মতো ই-কেওয়াইসি সম্পন্ন না করলে ভবিষ্যতে গ্রাহকদের বর্ধিত মূল্যে সিলিন্ডার কিনতে হতে পারে অথবা গ্যাস সরবরাহ ও ভর্তুকি সংক্রান্ত পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
তিনি আরও জানান, তিনটি উপায়ে গ্রাহকরা ই-কেওয়াইসি করতে পারবেন। প্রথমত, ইলোরা গ্যাস এজেন্সিতে গিয়ে করা যাবে। নতুবা গ্যাস ডেলিভারি বয়ের মোবাইলে অ্যাপ ইনস্টল রয়েছে, ডেলিভারির সময় ই-কেওয়াইসি করা যাবে। যদিও গ্রাহকদের বাধ্যতামূলকভাবে গ্যাস এজেন্সিতে যাওয়ার প্রয়োজন নেই। স্মার্টফোন ব্যবহার করেই বাড়িতে বসে সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এজন্য মোবাইলে Indian Oil One এবং Aadhaar FaceRD অ্যাপ ইনস্টল করে আধারভিত্তিক ফেস অথেনটিকেশনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করতে হবে।
ইলোরা গ্যাস এজেন্সির পক্ষ থেকে সকল গ্রাহকের প্রতি আবেদন জানানো হয়েছে, নির্ধারিত ১৬ আগস্টের আগেই ই-কেওয়াইসি সম্পন্ন করে নেওয়ার জন্য। এতে ভবিষ্যতে ভর্তুকি, গ্যাস সরবরাহ কিংবা মূল্য সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়ানো সম্ভব হবে।



