২২ জুন : অযোধ্যার রামমন্দিরে অনুদান চুরির অভিযোগের তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল বা SIT। তদন্ত চলাকালীনই এক ধাক্কায় কমে গেল রামলালায় দানের পরিমাণ। রিপোর্ট অনুযায়ী, আগে মন্দিরে দৈনিক প্রায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান জমা হতো। শনিবার এক ধাক্কায় তা কমে মাত্র ৫ লক্ষ টাকায় এসে দাঁড়িয়েছে। অর্থাৎ, রাম মন্দিরের দৈনিক অনুদানের পরিমাণ প্রায় ৭২ শতাংশ কমে গিয়েছে। মন্দির কমিটি সূত্রে খবর, চুরির অভিযোগ ও তদন্তের খবর জানাজানি হতেই ভক্তদের মনে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণেই ভক্তরা এখন আগের চেয়ে কম অনুদান দিচ্ছেন।
সূত্রের খবর, কোনও বিশেষ উৎসব বা অনুষ্ঠানের মাসে রাম মন্দিরে প্রায় ১৪ কোটি টাকা অনুদান আসে। আর অন্য মাসগুলিতে অনুদানের পরিমাণ থাকে প্রায় ৮ থেকে ৯ কোটি টাকা। গত এক সপ্তাহ ধরে রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে তদন্ত চালাচ্ছে SIT। সেই কারণে মন্দিরের দান গণনা করা যাচ্ছে না। অভিযোগ খতিয়ে দেখতে গত ৬ দিন ধরে একটি ব্যাঙ্কের ৪০ জন আউটসোর্স কর্মীকে প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সেই কারণেই অনুদান গোনার কাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। এর ফলে ভক্তদের দেওয়া দান ব্যাকলগে বা জমানো বাক্সে রেখে দেওয়া হয়েছিল, যা পরে গোনা হবে।
রাম মন্দির ট্রাস্ট সূত্রে খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে অনলাইন, নগদ টাকা এবং চেকের মাধ্যমে মন্দিরের মোট আয় হয়েছিল ৩২৭.০৭ কোটি টাকা। এর মধ্যে কেবল অনুদান থেকেই এসেছিল ১৫৩ কোটি টাকা। বাকি ১৭৩ কোটি টাকা এসেছে মন্দিরের গচ্ছিত ১,৪০০ কোটি টাকার ফিক্সড ডিপোজ়িটের সুদের টাকা থেকে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে এখনও পর্যন্ত শুধুমাত্র অনুদান হিসেবেই ৫ কোটি টাকার বেশি জমা পড়েছে।



