শিলকুরি চা-বাগানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : প্রাকৃতিক ও অপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং ১ম ব্যাটালিয়ন এনডিআরএফের উদ্যোগে মঙ্গলবার একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বোড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলকুরি চা-বাগানের ‘নাচঘর’-এ আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক চা-বাগান শ্রমিক, বিশেষ করে মহিলারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইন্সপেক্টর অজয় কুমার যাদব দুর্যোগ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভূমিকম্প, বন্যা, ভূমিধস, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার মতো পরিস্থিতিতে কীভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে তিনি উপস্থিতদের অবহিত করেন।

এনডিআরএফের কর্মীরা এদিন বিভিন্ন ধরনের মক ড্রিল বা মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন উদ্ধার ও নিরাপত্তার কৌশল প্রদর্শন করেন। মহড়ায় স্থানীয় বাসিন্দাদেরও অংশগ্রহণ করানো হয়। এর ফলে দুর্যোগের সময় নিজেদের পাশাপাশি অন্যদের কীভাবে নিরাপদ রাখা যায়, সে সম্পর্কে উপস্থিতদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়।
কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউয়ের সভাপতি সঞ্জীব রায়, প্রজেক্ট চেয়ারম্যান বাবুল কুমার, সুভাষ নুনিয়া, শঙ্কু মালা, কামাখ্যা প্রসাদ তেওয়ারি, প্রদীপ কুমার নুনিয়া, সুনীল মাহাতোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ‘শিলকুরি চা বাগান আদিবাসী ভূমি সুরক্ষা কমিটি’র সহযোগিতায় কর্মসূচিটি আয়োজিত হয়।

অনুষ্ঠান শেষে লায়ন্স ক্লাবের সভাপতি সঞ্জীব রায় স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *